সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বিরোধী দলের সংসদ সদস্যদের সংসদীয় জ্ঞান ও শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তাদের পরিপক্ব হতে রাজনীতি শেখার পরামর্শ দিয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
ন্ত্রী বলেন, বিরোধী দলের অনেক সদস্যই জানেন না কোন বিধিতে কথা বলতে হয় বা কীভাবে সংসদীয় রীতিনীতি মেনে চলতে হয়। সংসদ নেতা তারেক রহমানকে পুরো সংসদের নেতা হিসেবে উল্লেখ করে তিনি প্রস্তাব দেন যে, বিরোধী দলের সদস্যদের শানিত করতে প্রধানমন্ত্রীর সান্নিধ্যে বিশেষ কর্মশালার আয়োজন করা উচিত। এর মাধ্যমে তারা সংসদীয় রীতিনীতি সঠিকভাবে রপ্ত করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
শেখ রবিউল আলম ১৯৪১ সালে প্রতিষ্ঠিত বিরোধী দলটির কড়া সমালোচনা করে বলেন, জনগণকে বিভ্রান্ত করে লাভ হবে না। তিনি উল্লেখ করেন, ২০২৬-এর নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ক্ষমতায় বসিয়েছে। তিনি তথ্যের উদ্ধৃতি দিয়ে বলেন, দেশের ৭১ শতাংশ মানুষ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে এবং ৫১ শতাংশ মানুষ বিএনপির দেওয়া ফর্মুলায় দেশ পরিচালনার পক্ষে রায় দিয়েছে।
নিজের রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এই পার্লামেন্ট কারও করুণার দান নয়, বরং ১৭ বছরের রক্তক্ষয়ী সংগ্রামের ফসল। তিনি জানান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি ১৯৩টি মামলার শিকার হয়েছেন এবং ৯ বার জেল খেটেছেন। গুম ও রিমান্ডের দুঃসহ স্মৃতির কথা স্মরণ করে তিনি বলেন, হাজারো নেতাকর্মীর জীবনের বিনিময়ে যে গণতন্ত্র এসেছে, তা কোনো ষড়যন্ত্রে নস্যাৎ হতে দেওয়া হবে না।
সবশেষে তিনি বিরোধী দলকে জনসমর্থনহীন রাজনীতি ছেড়ে গঠনমূলক পথে আসার আহ্বান জানান, অন্যথায় তাদের ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হতে হবে বলে হুঁশিয়ারি দেন।
এসএফ