ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

নতুন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির আত্মপ্রকাশ

নতুন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির আত্মপ্রকাশ

রাজনৈতিক অঙ্গনে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করেছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি-জেডিপি। নাঈম আহমাদকে আহ্বায়ক, অ্যাডভোকেট আব্দুল আলিমকে সদস্য সচিব এবং মো. আহছান উল্লাহকে প্রধান সংগঠক করে ৯০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে নজরুল ইসলাম ও ইমরান হোসেন রাহাতকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নূরা জেরিন ও রাকিব হাসানকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং আবুল বাশারকে যুগ্ম প্রধান সংগঠক করা হয়েছে। এছাড়া ১৩ জনকে যুগ্ম আহ্বায়ক ও ২০ জনকে যুগ্ম সদস্য সচিবসহ বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাঈম আহমাদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে গণপরিষদ গঠন, সংবিধান বাতিল, সংস্কার ও সংশোধন নিয়ে বিতর্ক তীব্র হয়েছে। এ প্রেক্ষাপটে জেডিপি স্পষ্টভাবে ১৯৭২ সালের সংবিধান বাতিলের পক্ষে অবস্থান নিচ্ছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সামাজিক গণতন্ত্রভিত্তিক একটি নতুন সংবিধান প্রণয়ন জরুরি।

রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে নাঈম আহমাদ বলেন, বিএনপি গণপরিষদ গঠনে অনীহা দেখালেও সংবিধান সংশোধনের মাধ্যমে তাদের ঘোষিত ৩১ দফা ও জুলাই সনদের কিছু অংশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। এ প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে তা জনগণের মধ্যে সংস্কারের আকাঙ্ক্ষা ধরে রাখতে সহায়ক হতে পারে এবং ভবিষ্যতে নতুন সংবিধানের পক্ষে জনমত গঠনে ভূমিকা রাখবে। তবে, গণপরিষদের পরিবর্তে সংশোধন প্রক্রিয়ায় নির্ভরতা সাংবিধানিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ, আপিল বিভাগ ইতোমধ্যে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনযোগ্য নয় বলে রায় দিয়েছে। বিরোধী দল জামায়াত ও তাদের সহযোগীদের প্রতিও জনগণের একটি বড় অংশের আস্থার সংকট তৈরি হয়েছে।

—এজেড