ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

বিএনপি মূলত ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে: গোলাম পরওয়ার

বিএনপি মূলত ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে: গোলাম পরওয়ার

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি একই আদেশে অনুষ্ঠিত নির্বাচন মেনে সরকার গঠন করলেও গণভোটের ফলাফল মানছে না। প্রায় পাঁচ কোটি ভোটার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ প্রত্যাখ্যান করেছে। বিএনপি এখন সেই গণভোট বাতিলের উদ্যোগ নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করছে। জুলাই সনদ ও সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়নের বিরোধিতা করে বিএনপি মূলত ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে বগুড়া শহর জামায়াতের আমির ও উপনির্বাচনে (বগুড়া-৬) দলীয় প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের নির্বাচনি ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা ঘোষণা উপলক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় জামায়াত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে বক্তব্য দেন জাগপার সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, জামায়াকের দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, অধ্যাপক নজরুল ইসলাম, গোলাম রব্বানী এবং জেলা আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার। প্রার্থীর ১৪ দফা ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা পাঠ করেন ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ।

গোলাম পরওয়ার বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে ৩৩টি রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছিল। এই সনদকে আইনি ভিত্তি দিতে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে সংসদ নির্বাচন ও গণভোটের আয়োজন করা হয়। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী প্রতিনিধিরা একই সঙ্গে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। কিন্তু দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিএনপি তাদের অঙ্গীকার ভুলে গেছে। তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি, বরং এখন এই আদেশ বাতিলের প্রস্তাব করছেন।

-এজেড