জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, সরকারের স্বৈরাচার, ফ্যাসিস্ট হওয়ার জন্য যা যা উপাদান প্রয়োজন বিএনপি তার সব প্রমাণ করে দিয়েছে। আমরা আর ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করতে চাই না। আমরা আওয়ামী লীগের প্রক্সি হিসেবে বিএনপিকে চাই না। এক জুলাই গেছে আরেক জুলাই আসতে যাচ্ছে। আরও একটি অভ্যুত্থান করতে হবে। আবারও আজাদির বিজয় ছিনিয়ে আনতে হবে।
সোমবার (৬ এপ্রিল) জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রাশেদ প্রধান বলেন, যেই মুজিববাদী সংবিধানকে সংশোধন করতে করতে হাসিনাবাদী সংবিধানে পরিণত করা হয়েছে, সেই হাসিনাবাদী সংবিধানকে এখন তারেকবাদী সংবিধানে পরিণত করতে চাইছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন। চব্বিশ পরবর্তী বাংলাদেশে সংবিধানের দোহাই দিয়ে আধিপত্যবাদের কাছে মাথা নত করার জন্য যদি জুলাইকে অস্বীকার করতে বলেন তাহলে আমরা প্রস্তুত নই। আমরা জুলাইয়ের শপথ বাস্তবায়নে প্রস্তুত।
তিনি আরও বলেন, আমরা ১৯৭১ সালে লাল সবুজের পতাকা পেয়েছিলাম, নামকাওয়াস্তে স্বাধীনতা পেয়েছিলাম, স্বার্বভৌমত্ব পাইনি। ভারতীয় আধিপত্যবাদ আমাদের গ্রাস করে খেয়েছে। সামনের বাংলাদেশে আমরা এই আধিপত্যবাদকে চাই না। ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা তার মাতৃভূমি ভারতের দিল্লীতে পালিয়ে গেছে। আমরা স্বপ্ন দেখেছিলাম একটা নতুন বাংলাদেশ হবে। যে দেশে প্রকৃত স্বাধীনতা, স্বার্বভৌমত্ব গণতন্ত্র পাবো। ১২ ফেব্রুয়ারি সেই স্বপ্নকে গুঁড়ো গুঁড়ো করে ম্যানেজ ভোটের মাধ্যমে দেওয়া হয়েছে।
—এজেড