ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

বিএনপি জাতির কাছে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করেছে: গোলাম পরওয়ার

বিএনপি জাতির কাছে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করেছে: গোলাম পরওয়ার

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছন, ক্ষমতায় আসার এক মাস না যেতেই বিএনপি তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে পারেনি। জামায়াতসহ বিএনপি জুলাই সনদে সই করে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ক্ষমতায় এসেই তারা জাতির কাছে দেওয়া গুরুত্বপূর্ণ অঙ্গীকার ভঙ্গ করেছে।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে বগুড়া সদরের বাঘোপাড়া এলাকায় বগুড়া-৬ আসনে উপনির্বাচনে জামায়াত প্রার্থীর পক্ষে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে তিনি জামায়াতের প্রার্থী আবিদুর রহমানকে ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সমাবেশে বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম ও যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু।

গোলাম পরওয়ার বলেন, প্রায় ৫ কোটি মানুষের ইচ্ছাকে উপেক্ষা করে গণভোটের রায় বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। যদি শুরুতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সামনের পাঁচ বছরে কী করা হবে? যদি দেশ আবারও স্বৈরাচারী শাসনের দিকে ধাবিত হয়, তবে এর পরিণতি কারও জন্যই ভালো হবে না।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট তৈরি হয়েছে। সরকার বলছে সংকট নেই, কিন্তু বাস্তবে পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। জ্বালানির অভাবে সামনে বোরো মৌসুমে সেচ সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। সরকার পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে।

—এজেড