ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ | ২৬ চৈত্র ১৪৩২ | ২০ শাওয়াল ১৪৪৭

৪৮ বছর পর বিনা টিকিটে ট্রেনভ্রমণের টাকা পরিশোধ

৪৮ বছর পর বিনা টিকিটে ট্রেনভ্রমণের টাকা পরিশোধ

গাজীপুরের শ্রীপুরের চন্নাপাড়া গ্রামের মো. আব্দুল মান্নান ব্যাপারীর ছেলে মো. মফিজুল ইসলাম (৬০) এক বিরল সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন। ১৯৭৬ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত জীবিকার তাগিদে ব্যবসার কাজে তিনি নিয়মিত ট্রেনের ছাদে বিনা টিকিটে শ্রীপুর থেকে ঢাকা যাতায়াত করতেন। তখন যাতায়াতের জন্য টিকিট না কেটে দায়িত্বরতদের হাতে ১ টাকা করে দিতেন তিনি, যা রেলওয়ের কোষাগারে জমা হতো না।

প্রায় অর্ধশতাব্দী পর এই বিষয়টি তাঁকে প্রচণ্ড অনুশোচনায় ভোগাতে থাকে। বিবেকের তাড়নায় তিনি শ্রীপুর রেলওয়ে স্টেশনে গিয়ে ২০ হাজার টাকার টিকিট কাটার অনুরোধ করেন। কিন্তু একসঙ্গে এত টাকার টিকিট না থাকায় স্টেশনমাস্টার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। এক সপ্তাহ অপেক্ষার পর গত ১ এপ্রিল রেলওয়ের বিশেষ রসিদের (মানি রিসিপ্ট) মাধ্যমে ২০ হাজার টাকা জমা দিয়ে তিনি দায়মুক্ত হন।

বর্তমানে ব্যাপারীবাড়ী ফাতেমাতুজ যাহরা (রা.) মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মফিজুল ইসলাম এই টাকা পরিশোধের পর স্বস্তির নিশ্বাস ফেলছেন। শ্রীপুর রেলওয়ে স্টেশনমাস্টার মো. সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, ৬ এপ্রিল এই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, রেলওয়েতে এভাবে পুরোনো বকেয়া পরিশোধের আইনি বিধান রয়েছে এবং মফিজুলের এই পদক্ষেপ বিনা টিকিটে ভ্রমণকারীদের জন্য একটি বড় বার্তা।

এসএফ