ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

নিয়ন্ত্রণ হারানো প্রাইভেটকার ঘরে ঢুকে পড়ার পর দেড় কেজি গাঁজা উদ্ধার

নিয়ন্ত্রণ হারানো প্রাইভেটকার ঘরে ঢুকে পড়ার পর দেড় কেজি গাঁজা উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার বসতবাড়িতে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টার দিকে এই দুর্ঘটনায় আরশাদ আলী নামে এক ব্যক্তি আহত হয়েছেন। পরে তল্লাশি চালিয়ে ওই গাড়িটি থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তেরঘরিয়া গ্রামের সড়কের পাশে আরশাদ আলীর বাড়ি। ভোরে যখন বাড়ির সবাই ঘুমিয়ে ছিলেন, তখন একটি দ্রুতগতির প্রাইভেটকার সজোরে বাড়ির দেয়ালে আঘাত করে এবং উল্টে যায়। এতে ইটের দেয়াল ভেঙে আরশাদ আলীর গায়ের ওপর পড়লে তিনি আহত হন। তাঁকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা প্রাইভেটকারটি তল্লাশি করে ভেতরে গাঁজা দেখতে পায় এবং চালক অনিক হোসেন বিপ্লবকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে গ্রামবাসী তাকে পুলিশের কাছে সোপর্দ করে।

মেহেরপুর সদর থানার রামদাসপুর পুলিশ ক্যাম্পের এসআই অনুপ কুমার দাস জানান, ধারণা করা হচ্ছে সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে পাচারের সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনায় পড়ে। মাদক ও গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালক বিপ্লবকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

এসএফ