জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষার্থীর অনশন কর্মসূচির প্রেক্ষাপটে ছাত্র শিবিরের ‘পরিচয় গোপন রাখার রাজনীতি’ নিয়ে কঠোর সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। শনিবার (১১ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি শিবিরকে তাদের রাজনৈতিক পরিচয় স্পষ্ট করার আহ্বান জানান।
রাশেদ খাঁন তার পোস্টে উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ব্যবস্থাপনায় এই অনশন শুরু হলেও তারা এখনো ‘সাধারণ শিক্ষার্থী’ কার্ড ব্যবহার করছে। তিনি বলেন, “অবাক হচ্ছি শিবির এখনো তার সাধারণ শিক্ষার্থী ট্রাম্প কার্ডের রাজনীতি জিইয়ে রেখেছে। এই রাজনীতি চলমান থাকলে প্রকৃত সাধারণ শিক্ষার্থীরাই ভুক্তভোগী হবে এবং তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হবে।
জামায়াতে ইসলামী বর্তমানে বিরোধী দলে থাকায় শিবিরের এমন কৌশলের সমালোচনা করে তিনি বলেন, এখন তো ফ্যাসিবাদ ক্ষমতায় নেই যে আপনি কৌশল অবলম্বন করবেন। বরং রাজনৈতিক পরিচয়ে কর্মসূচি পালন করার সাংবিধানিক অধিকার আপনার আছে। সেই পরিচয় লুকিয়ে সাধারণ পরিচয় বহন করার মধ্যে আলাদা ফায়দা থাকলেও, সেটা দেশের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতির।
তিনি শিবির কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, সাহস করে বলুন আমি জামায়াত, আমি শিবির, আমার দাবি মানতে হবে। আমার রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা আছে।
রাশেদ খাঁন সতর্ক করে বলেন, আওয়ামী লীগের পতনের পরেও যদি এই সৎ সাহস তৈরি না হয়, তবে কোনো আন্দোলনই সফল হবে না। তিনি আরো যোগ করেন, কায়দা করে বেঁচে থাকা যায় না, আর কৌশল করেও আন্দোলন সফল করা যায় না। মূলত নাহিদ ইসলামের এক বক্তব্যের সূত্র ধরে শিবির যদি জনগ্রহনযোগ্যতা নিয়ে শঙ্কিত হয়ে কৌশল অবলম্বন করে, তবে তা সফল হবে না বলেও তিনি মন্তব্য করেন।
এসএফ