তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান এখন থেকে প্রতি তিন মাসে একবার সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বৈঠকে বসবেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। প্রতিমন্ত্রীর ভাষ্যমতে, এই নিয়মিত বৈঠকের সূচি তৈরির কাজ আজ থেকেই শুরু হয়েছে।
সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরীও উপস্থিত ছিলেন। তিনি জানান, সরকারপ্রধান তাঁদের আশ্বস্ত করেছেন যে গণমাধ্যমের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না। এছাড়া, অতীতে সংবাদমাধ্যমের জন্য যে ধরনের প্রতিকূল পরিবেশ তৈরি করা হয়েছিল, বর্তমান সরকার তেমন কিছু করবে না বলেও বৈঠকে জানানো হয়।
বৈঠক শেষে নোয়াবের পক্ষ থেকে জানানো হয় যে, বর্তমানে কোনো সাংবাদিক বিনা কারণে কারাগারে আছেন কি না বা তাঁদের জামিনের বিষয়ে কী করা যায়, সে ব্যাপারেও প্রধানমন্ত্রী খোঁজ নেওয়ার আশ্বাস দিয়েছেন। সংগঠনটি আরও জানিয়েছে, সরকার যদি বর্তমানের এই উদার গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখে, তবে নোয়াবের পক্ষ থেকে সরকারের প্রতি পূর্ণ সমর্থন থাকবে। মূলত সরকার ও গণমাধ্যমের মধ্যে একটি আস্থার সম্পর্ক তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
এসএফ