ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩ | ৫ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ইরানকে বিভ্রান্ত করা হয়েছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী

মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ইরানকে বিভ্রান্ত করা হয়েছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মন্তব্য করেছেন যে, ইরানকে অতীতে বিভিন্ন সময় মিথ্যা প্রতিশ্রুতি ও আশ্বাস দিয়ে বিভ্রান্ত করা হয়েছে। গত মঙ্গলবার (২১ এপ্রিল) মস্কোয় লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এক বিবৃতিতে তিনি জানান, ইরান এখন যৌক্তিকভাবেই পশ্চিমা দেশগুলোর প্রতিশ্রুতির বিষয়ে সন্দিহান, কারণ তারা আগেও এমন ‘মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে’ পড়েছে।

আজ বুধবার (২২ এপ্রিল) ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা। এই সংকট নিরসনে পাকিস্তান দ্বিতীয় দফা আলোচনার উদ্যোগ নিলেও ইরান কোনো প্রতিনিধি দল না পাঠানোয় সেই চেষ্টা আপাতত ভেস্তে গেছে। এ প্রসঙ্গে ল্যাভরভ বলেন, পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টায় রাশিয়া নজর রাখছে, তবে পরিস্থিতির দ্রুত পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও মনে করেন, যদি উভয় দেশ ২০১৫ সালের মতো কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে পারে, তবে তা বড় সাফল্য হবে।

২০১৫ সালে ওবামা প্রশাসনের সময় সম্পাদিত পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) থেকে ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার পর থেকেই মূলত আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকে। ল্যাভরভের মতে, বর্তমানে আলোচনার নানা ইঙ্গিত থাকলেও বাস্তব কোনো ফলাফল এখনও দৃশ্যমান নয়। বিশ্লেষকরা মনে করছেন, পূর্বের চুক্তি ভেঙে যাওয়ায় ইরানের মধ্যে তৈরি হওয়া অনাস্থা এখন নতুন কোনো সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বর্তমান এই জটিল সমীকরণে বিশ্বশক্তির দেশগুলোর ভূমিকা এবং ভবিষ্যৎ চুক্তির গুরুত্ব আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি।

এসএফ