ত্রয়োদশ সংসদ নির্বাচনে ক্ষেত্রবিশেষে ‘ইঞ্জিনিয়ারিং করে’ বিএনপি সরকার গঠন করেছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে তিনি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব বিএনপি নিয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ছবি সংযুক্ত করেছেন এনসিপি নেতা। ছবিটি রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর। পোস্টের শুরুতে সারজিস লিখেছেন, ‘এটাই ছিল ২০২৬ সালের নির্বাচনের চিত্র!’
সারজিস আলম লিখেছেন, বিএনপি যখন মাঠ পর্যায়ে গিয়ে দেখলো এককভাবে তারা কখনোই জাতীয় নির্বাচনে জিততে পারবে না এবং সরকার গঠন করা সম্ভব হবে না তখন তারা আওয়ামী লীগের দ্বারস্থ হলো। প্রত্যেকটা আসনে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তাদেরকে নিয়ে গোপনে বৈঠক করলো। যত অপরাধী হোক না কেন, তাদেরকে জামিন করানোর কিংবা সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়ার কমিটমেন্ট করলো। ফলে বিএনপি, আওয়ামী লীগ, প্রশাসনের একাংশ এবং দেশের ও দেশের বাইরের কিছু এজেন্ট একসাথে মিলে এই নির্বাচন করলো এবং ক্ষেত্রবিশেষে ইঞ্জিনিয়ারিং করে সরকার গঠন করলো।
তিনি লিখেছেন, যে আওয়ামী লীগ পরিকল্পনা করে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমার সেনাবাহিনীর অফিসারদেরকে খু*ন করেছে সেই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে সাথে নিয়ে শহীদ বীরদের শ্রদ্ধা জানানো পিলখানা হত্যাকাণ্ডকে মশকরা করা ছাড়া কিছুই নয়। যে আওয়ামী লীগ জনাব তারেক রহমানকে বাধ্যতামূলক নির্বাসনে পাঠিয়েছিল, ১৭ বছর দেশে আসতে দেয় নাই, বেগম জিয়াকে মিথ্যা মামলায় জেলে রেখেছিল, তার শরীরকে বিষাক্ত করে তুলেছিল, হাজার হাজার বিএনপি নেতা কর্মীকে নির্যাতন করেছিল, ঘরে থাকতে দেয় নাই সেই আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব বিএনপি নিয়েছে।’
তিনি আরও লিখেছেন, বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা মনে রাখবেন- সময়ের পরিক্রমায় আপনারা যদি আবার আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত নিপীড়িত হন তাহলে তার দায় আপনাদের নেতা জনাব তারেক রহমানকে নিতে হবে। যদি জুলাই অভ্যুত্থানে রাজপথে নামা আমাদের যেকোনো সহযোদ্ধাদেরকে আওয়ামী লীগের দ্বারা আবার খু*ন হতে হয় কিংবা রক্ত দিতে হয় তাহলে তার দায় জনাব তারেক রহমান এবং বিএনপিকে নিতে হবে। জনাব তারেক রহমানকে আজকের এই পদক্ষেপের জন্য ধিক্কার জানাই।