ঢাকা, রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯ মাঘ ১৪৩২ | ১২ শা‘বান ১৪৪৭

শিরোনাম

আদালতের নির্দেশে অভ্যুত্থানে নিহতের লাশ উত্তোলন

আদালতের নির্দেশে অভ্যুত্থানে নিহতের লাশ উত্তোলন

গ্লোবাল টিভি ছবি

ফিরোজ শাহ, জামালপুর : দাফনের পাঁচ মাস ২৫ দিন পর আদালতের নির্দেশে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ফুলকোঁচা ইউনিয়নের পূর্ব কোনামালঞ্চ এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. সবুজ মিয়ার (১৬)  মরদেহ উত্তোলন করেছে পুলিশ।

২০২৪ সালের ৫ আগস্ট সাভারের আশুলিয়া থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি দেখতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি। পরে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন ৬ আগস্ট তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

নিহত সবুজের মা জরিনা বেগম ৫১ জনের নামে আশুলিয়া থানায় মামলা করলে আদালতের নির্দেশে পাঁচ মাস ২৫ দিন পর

২৯ জানুয়ারি বুধবার বিকেলে তার মরদেহ উত্তোলন করা হয়। জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা কোনামালঞ্চ এলাকা থেকে মরদেহ উত্তোলনকালে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগ।

এই সময়ে নিহত সবুজের মা কান্নায় ভেঙে পড়ে বলেন, কত স্বপ্ন ছিলো ছোট্ট পোলাডার সাথে। সব কিছুই শেষ। আমার বাজান সংসারের হাল ধরতে চাইছিল। তোমরা আমার পোলাডারে ফিরাইয়া দাও, আমার বাবারে আইন্না দাও। ওরে ছাড়া কেমনে বাঁচুম? 

কান্নার মধ্যে একসময় তিনি অচেতন হয়ে পড়েন।

এ বিষয়ে আশুলিয়া থানার  অফিসার ইনচার্জ  মোহাম্মদ নুর আলম সিদ্দিকী জানান, মামলার সুষ্ঠু তদন্তের জন্য আদালতের নির্দেশে ময়নাতদন্তের উদ্দেশ্যে নিহত সবুজের মরদেহ উত্তোলন করা হয়েছে।