ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ | ২৬ চৈত্র ১৪৩২ | ২০ শাওয়াল ১৪৪৭

সংসদ এলাকায় ‘জঙ্গি এমপি’ বলে অপবাদের অভিযোগ, তদন্তে সংসদীয় কমিটি

সংসদ এলাকায় ‘জঙ্গি এমপি’ বলে অপবাদের অভিযোগ, তদন্তে সংসদীয় কমিটি

সংসদ এলাকায় তাকে ‘জঙ্গি এমপি’ বলে অপবাদ দেওয়ার অভিযোগ তুলে জাতীয় সংসদে বিশেষ অধিকারের নোটিশ দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদউদ্দিন আহমদ হানজালা। তিনি অভিযোগ করেছেন, গত ৩০ মার্চ সংসদ এলাকার ভেতর তাকে প্রকাশ্যে ‘জঙ্গি এমপি’ বলে সম্বোধন করা হয়। পরবর্তীতে এই ঘটনার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তিনি সামাজিকভাবে চরম হেয়প্রতিপন্ন হচ্ছেন এবং একজন সংসদ সদস্য হিসেবে তার বিশেষ অধিকার ক্ষুণ্ন হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের শুরুতে তিনি এই নোটিশ উত্থাপন করেন। উল্লেখ্য, বিশেষ অধিকার সম্পর্কিত এই সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সংসদকে এমপি হানজালা বলেন, সংসদের অভ্যন্তরে এ ধরনের গর্হিত কাজ হওয়ায় আমার বিশেষ অধিকার ক্ষুণ্ন হয়েছে। গত ১৭ বছর ধরে ‘ফ্যাসিস্ট’ শব্দ ব্যবহার করে ভালো মানুষ, দাড়ি-টুপিওয়ালা মানুষকে বিভিন্ন অপবাদ দিয়ে হেয়প্রতিপন্ন করা হয়েছে। সরকারি ও বিরোধী দল নির্বিশেষে সকল সংসদ সদস্যের মর্যাদা রক্ষায় স্পিকারের কঠোর হস্তক্ষেপ কামনা করছি। আমি চাই আপনার মাধ্যমে প্রত্যেকেই যেন তার সম্মান নিয়ে সংসদে থাকতে পারেন।

সংসদ সদস্যের অভিযোগটি আমলে নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মাননীয় সংসদ সদস্যের বিশেষ অধিকারের প্রশ্নটি উত্থাপিত হলো। বিষয়টি অধিকতর পরীক্ষা-নিরীক্ষা, তদন্ত এবং রিপোর্ট প্রদানের জন্য ‘বিশেষ অধিকার সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে’ প্রেরণ করা হলো।

—এজেড