দেশের ৫টি অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে দেশের বিভিন্ন স্থানে চলমান মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ফরিদপুর, খুলনা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম, উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা-ঝড়ো বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙ্গামাটি, চাঁদপুর, বরিশাল এবং পটুয়াখালী জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বেং তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া পরিস্থিতির এই পরিবর্তনের কারণে সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হচ্ছে, বিশেষ করে নদীবন্দর এলাকায় চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।