দেশের ৮টি জেলার ওপর দিয়ে আজ রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার (০৭ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই পূর্বাভাস জানানো হয়।
আবহাওয়ার বার্তায় বলা হয়েছে , রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অফিসের পৃথক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ সময় কোনো কোনো এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
এসএফ