ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩ | ১০ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

দেশের চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দেশের চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় দেশের চার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

কালবৈশাখীর পূর্বাভাস ও নৌ হুঁশিয়ারি:

সমুদ্র বন্দরের পাশাপাশি রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি জেলায় আজ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে এসব এলাকায় বজ্রবৃষ্টিসহ দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ের তীব্রতা অনুযায়ী দুই ধরনের সংকেত দেওয়া হয়েছে:

২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত: রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

১ নম্বর সতর্ক সংকেত: ঢাকা, টাঙ্গাইল, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৈশাখ মাসের এই কালবৈশাখী ঝড় স্বল্প সময়ের মধ্যে তীব্র আকার নিতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকার নৌ কর্তৃপক্ষ ও সাধারণ বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হয়েছে।

এসএফ