রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২১ জন।
রোববার (৫ এপ্রিল) মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল এ নির্দেশ দেন। আজ আদালতে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই মাস সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে আগামী ৭ জুন দিন ধার্য করেন।
শুনানির জন্য এদিন ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরসহ গ্রেফতার ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গ্রেফতার বাকি পাঁচজন হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক-আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক উপ-মহাপরিদর্শক-ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরসহ সারাদেশে হেফাজতের নেতাকর্মীদের হত্যা-নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলা হয়। এর আগে ২০২৪ সালের ২৬ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে আজিজুল হক ইসলামাবাদী অভিযোগ করেন। এর আগে মুফতি হারুন ইজহারের পক্ষে ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ করা হয়। এ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২১ জনকে অভিযুক্ত করা হয়।
—এজেড