ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩ | ২৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে: পানিসম্পদ মন্ত্রী

 ২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে: পানিসম্পদ মন্ত্রী

পদ্মা অববাহিকার বিশাল কৃষি অঞ্চলকে মরুময়তা থেকে বাঁচাতে এবং শুষ্ক মৌসুমে পানির প্রাপ্যতা নিশ্চিত করতে ‘পদ্মা ব্যারেজ প্রকল্প’ গ্রহণ করা হয়েছে, যা ২০৩৩ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদের এক লিখিত প্রশ্নের জবাবে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এই তথ্য জানান।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে মন্ত্রী উল্লেখ করেন যে, প্রস্তাবিত এই প্রকল্পটি দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় সাড়ে ৬ কোটি মানুষের জীবনমান ও কৃষি ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ নির্মাণের ধারণাটি দীর্ঘদিনের। ১৯৬০ থেকে ২০০০ সাল পর্যন্ত মোট চারটি সমীক্ষা পরিচালিত হওয়ার পর ২০০২ সালে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার মাধ্যমে ব্যারেজের স্থান নির্ধারণ করা হয়। পরবর্তীতে ২০০৪ সালে শুরু হওয়া ৪৫ কোটি টাকার বিস্তারিত সমীক্ষা ২০১৩ সালে সম্পন্ন হলে প্রকল্পের পূর্ণাঙ্গ নকশা চূড়ান্ত করা হয়। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেও এই প্রকল্পটিকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই প্রকল্পের ডিপিপি (DPP) প্রণয়ন করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৬ সাল থেকে জুন ২০৩৩ পর্যন্ত। দেশের মোট আয়তনের প্রায় এক-তৃতীয়াংশ জুড়ে বিস্তৃত এই প্রকল্পকে নদী-নির্ভরশীল জনগণের জীবন রক্ষাকারী উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন পানিসম্পদ মন্ত্রী।

এসএফ