বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে সাবেক অধিনায়ক তামিম ইকবালের দায়িত্ব গ্রহণের পর তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি বিশেষ সতর্কবার্তা দিয়েছেন এক সময়ের সতীর্থ ইমরুল কায়েস। মঙ্গলবার (০৭ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বন্ধু তামিমকে উদ্দেশ্য করে এই বার্তা দেন তিনি।
ইমরুল কায়েস তাঁর ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখেন, “দোস্ত আশেপাশের চাটুকার মানুষের থেকে সাবধানে থাকিস। অভিনন্দন।” ক্রিকেট পাড়ায় দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু হিসেবে ইমরুলের এই পরামর্শ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, বিসিবির নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ১১ সদস্যের এই অ্যাডহক কমিটি গঠন করে। বিকেলে দায়িত্ব পাওয়ার পর সন্ধ্যায় হোম অব ক্রিকেটে (মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম) পা রাখেন নতুন সভাপতি তামিম ইকবাল। সেখানে তিনি কমিটির অন্য সদস্যদের নিয়ে জরুরি সভা ডেকেছেন, যেখান থেকে নির্ধারিত হতে পারে কার ওপর কোন বিভাগের দায়িত্ব অর্পিত হবে। অ্যাডহক কমিটির অন্য সদস্যরা হলেন— মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।
এসএফ