অবিশ্বাস্য এক কীর্তি গড়েছেন ব্রাজিল নারী দলের পেসার লরা কারদোসো। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বল হাতে তিনি একাই শিকার করেছেন ৯ উইকেট। কালাহারি নারী টি-টুয়েন্টি টুর্নামেন্টে লেসোথোর বিপক্ষে লরা এই বিশ্ব রেকর্ড গড়েন।
নারী বা পুরুষ যেকোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯ উইকেট নেওয়ার ঘটনা ক্রিকেটের ইতিহাসে এটাই প্রথম। এর আগে নারী টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের রেকর্ডটি ছিল ইন্দোনেশিয়ার রোহমালিয়ার (২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে ০ রানে ৭ উইকেট)। অন্যদিকে, ছেলে ও মেয়ে উভয় বিভাগ মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এত দিন সেরা রেকর্ডটি ছিল ভুটানের স্পিনার সোনম ইয়েশের দখলে, যিনি ২০২৫ সালে মিয়ানমারের বিপক্ষে ৭ রানে ৮ উইকেট নিয়েছিলেন।
ম্যাচে প্রথমে ব্যাট করে ব্রাজিল ২০২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। রান তাড়া করতে নামা লেসোথোর ইনিংসে একাই ধস নামান লরা কারদোসো। ৩ ওভার বল করে মাত্র ৪ রান খরচায় তিনি ৯ উইকেট নেন। লরা তাঁর দ্বিতীয় ওভারে হ্যাটট্রিক দিয়ে শুরু করেন, এরপর চতুর্থ ওভারে নেন ৪টি উইকেট এবং ষষ্ঠ ওভারে আরও ২ উইকেট নিয়ে নিজের ৯ উইকেট পূর্ণ করেন। লরার এমন বিধ্বংসী বোলিংয়ে লেসোথো মাত্র ৬ ওভার ২ বলে ১৩ রানে অলআউট হয়ে যায়।
বতসোয়ানায় আয়োজিত এই ৬ দলের কালাহারি নারী টি-টুয়েন্টি টুর্নামেন্টে ব্রাজিল, লেসোথো ও স্বাগতিক বতসোয়ানা ছাড়াও অংশ নিচ্ছে মালাউই, জাম্বিয়া ও মোজাম্বিকের নারী দল।
এসএফ