দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানের ফিটনেস নিয়ে কোনো সংশয় দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ট্রেনার ইফতিখার ইফতি জানিয়েছেন, সাকিব আন্তর্জাতিক মানের তারকা হওয়ায় নিজের ফিটনেস ধরে রাখতে তিনি অত্যন্ত সচেতন।
বুধবার (১ এপ্রিল) মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প চলাকালীন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইফতি এই আস্থার কথা জানান। সাকিবকে আবারও জাতীয় দলে ফেরানো নিয়ে আলোচনার মধ্যেই বিসিবি ট্রেনারের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।
ইফতিখার ইফতি বলেন, ‘সাকিব ইন্টারন্যাশনাল স্টার। দেশের বাইরে থাকলেও সে নিয়মিত ফিটনেস মেইনটেইন করে। আমরা যতটুকু জানি, তার ব্যক্তিগত ফিটনেস ট্রেইনার, ফিজিও এবং নিউট্রিশনিস্ট রয়েছে। ফলে সেখানে সে ট্রেনিং সুযোগ-সুবিধা কম পাচ্ছে বলে আমার মনে হয় না। আমরা এখানে থাকলে তাকে যতটুকু মনিটর করতাম, সাকিব বর্তমানে তার চেয়েও বেশি মনিটরিংয়ের মধ্যে আছে।’
সাকিবের বর্তমান ফিটনেস সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো ‘ডেটা’ বা বৈজ্ঞানিক তথ্য এই মুহূর্তে বিসিবির হাতে নেই বলে স্বীকার করেন ইফতি। তবে সাকিবের সাম্প্রতিক কর্মকাণ্ড ও পেশাদারিত্ব পর্যবেক্ষণ করে তিনি আশাবাদী যে, যখনই এই অলরাউন্ডার ফিরবেন, তিনি খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত বা 'প্রপার ফিট' থাকবেন।
সাকিব কবে নাগাদ জাতীয় দলের নির্বাচনের জন্য অ্যাভেইলেবল হবেন, তা নিয়ে বিসিবি এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এ প্রসঙ্গে ইফতি বলেন, ‘সাকিবের ইস্যুটা জাতীয় ইস্যু। সে কবে আসবে বা কী করবে, তা নিয়ে আমাদের পক্ষ থেকে আগাম কোনো পরিকল্পনা এখনো সাজানো হয়নি। সে যখন ফিরবে এবং বিসিবি যখন তাকে খেলার জন্য প্রস্তুত মনে করবে, তখনই আমরা তাকে নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা করব।’
বর্তমানে জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস সচেতনতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এই ট্রেনার। তিনি বলেন, ‘অনেকেই বলেন আমাদের খেলোয়াড়রা দায়িত্ববান নয় বা তাদের ফিটনেস ভালো না। কিন্তু তারা এখন অনেক সচেতন। তারা নিয়মিত আমাদের মতো ট্রেইনার এবং ফিজিওদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এই ইতিবাচক পরিবর্তনগুলো এখন ক্রিকেটারদের মধ্যে স্পষ্টভাবে গড়ে উঠছে।’