ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১২ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেপ্তার ডেভিড ওয়ার্নার

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেপ্তার ডেভিড ওয়ার্নার

মদ পান করে গাড়ি চালানোর দায়ে গ্রেপ্তার হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, গত রোববার পূর্ব সিডনির মারুব্রায় নিয়মিত তল্লাশিকালে ‘র‍্যান্ডম ব্রেথ টেস্টে’ পজিটিভ আসায় ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারকে আটক করা হয়। পরে থানায় নিয়ে দ্বিতীয়বার পরীক্ষা করা হলে তার রক্তে অ্যালকোহলের মাত্রা নির্ধারিত সীমার দ্বিগুণেরও বেশি পাওয়া যায়।

পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, একটি ভ্যানকে টেস্টিং সাইটের ঠিক আগে থামতে এবং পার্ক করতে দেখে সন্দেহ হয় ট্রাফিক কর্মকর্তাদের। হাইওয়ে প্যাট্রোল কমান্ডের কর্মকর্তারা গাড়ির কাছে গিয়ে চালকের আসনে থাকা ওয়ার্নারের ‘রোডসাইড টেস্ট’ করালে পজিটিভ ফল আসে। এরপর তাকে গ্রেপ্তার করে মারুব্রা পুলিশ স্টেশনে নেওয়া হয়, যেখানে দ্বিতীয় পরীক্ষায় অ্যালকোহলের মাত্রা ০.১০৪ পাওয়া যায়। নিউ সাউথ ওয়েলসের আইন অনুযায়ী ০.০৮ থেকে ০.১৪৯ মাত্রার মধ্যে অ্যালকোহল থাকলে তা ‘মিড-রেঞ্জ প্রেসক্রাইবড কনসেন্ট্রেশন অব অ্যালকোহল’ অপরাধ হিসেবে গণ্য হয়। এই ধারায় অভিযুক্ত ওয়ার্নারকে আগামী ৭ মে আদালতে হাজিরা দিতে হবে।

উল্লেখ্য, ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ডেভিড ওয়ার্নার বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর পিএসএলে তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হলেও আগামী ৯ এপ্রিল পেশোয়ার জালমির বিপক্ষে করাচি কিংসের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এসএফ