নওগাঁর পোরশায় ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একই পরিবারের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার সরাইগাছি-সাপাহার মহাসড়কের ফকিরের মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—সাপাহার উপজেলার আমডাঙ্গা গ্রামের শাওন শেখ (২৪), তাঁর মা রিক্তা বেগম (৪০) ও স্ত্রী রুবিনা (২২)। এ সময় তাদের ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় পরিচালিত ওই অভিযানে দেখা যায়, গ্রেপ্তারকৃতরা কোলের শিশুকে ‘ঢাল’ হিসেবে ব্যবহার করে মোটরসাইকেলে মাদক পাচার করছিলেন।
পোরশা থানার ওসি জিয়াউর রহমান জানান, শাওন ও তাঁর মা দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। পুলিশের চোখ ফাঁকি দিতেই তাঁরা সপরিবারে যাতায়াতের কৌশল নিয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
—এজেড