ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩ | ১০ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

বিয়ে না দেওয়ায় দাদি, ফুপু ও প্রতিবেশীকে হত্যা

বিয়ে না দেওয়ায় দাদি, ফুপু ও প্রতিবেশীকে হত্যা

ফরিদপুরে বিয়ে না দেওয়া এবং পারিবারিক কলহের জেরে দাদি ও ফুপুসহ তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আকাশ মোল্লাকে (২৮) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামের একটি কলাবাগান থেকে পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) রাতে গদাধরডাঙ্গী গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘাতক আকাশ মোল্লা তার দাদি আমিনা বেগম (৮০) ও ফুপু রাহেলা বেগমকে (৫৫) কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। এসময় প্রতিবেশী কাবুল হোসেন (৪৯) তাঁদের বাঁচাতে এগিয়ে এলে আকাশ তাকেও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

হত্যাকাণ্ডের পর রাতেই পুলিশ ও র‍্যাব অভিযানে নামে। ঘটনার মাত্র ১০ ঘণ্টার মধ্যে মঙ্গলবার সকালে পার্শ্ববর্তী একটি কলাবাগান থেকে ঘাতক আকাশকে গ্রেপ্তার করা হয়। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদালটিও উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আকাশ বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল। টিবি হাসপাতালের চাকরি হারানোর পর সে আরও ভেঙে পড়ে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে পরিবার থেকে তাকে বিয়ে না দেওয়ায় সে ক্ষিপ্ত ছিল। সেই ক্ষোভ এবং পারিবারিক দ্বন্দ্বের জেরে সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহত প্রতিবেশী কাবুল হোসেনের স্ত্রী কোহিনুর বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আকাশ মোল্লাকে ইতোমধ্যে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।

এসএফ