ফরিদপুর মেডিকেল কলেজে ছাত্রদল রাজনীতি করতে না পারলে কলেজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন ওরফে জুয়েল। এ সংক্রান্ত ৪ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজের মিলনায়তনে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর মেডিকেল কলেজ শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। প্রসঙ্গত, ২০২৪ সালের ২৪ আগস্ট কলেজের একাডেমিক কাউন্সিলরের সভায় ফরিদপুর মেডিকেল কলেজে ছাত্ররাজনীতি বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপর থেকে এ কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ রয়েছে।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে বিএনপি নেতা জুলফিকার হোসেন বলেন, প্রশাসনের প্রতি অনুরোধ রেখে যাব, অতীত ভুলে যান। আমি জাতীয়তাবাদী ছাত্রদল থেকে বিদায় নিয়ে বিএনপির নেতৃত্ব দিচ্ছি। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা দেখতে চাই। ১২ তারিখের পরে যদি আমাদের এখানে সশরীরে উপস্থিত হয়ে স্বাভাবিক রাজনীতির চর্চা না করতে দেওয়া হয়, তাহলে কিন্তু ভয়ানক পরিস্থিতি হবে। আমার জাতীয়তাবাদী ছাত্রদল যদি রাজনীতি করতে না পারে, এই ফরিদপুর মেডিকেল কলেজে রাজনীতি বন্ধ করে দেব। ছাত্র রাজনীতি যদি বন্ধ হয়ে যায়, এই মেডিকেল কলেজ বন্ধ হয়ে যাবে। প্রয়োজন নাই আমাদের মেডিকেল কলেজ। মেডিকেলে রাজাকারের আশীর্বাদে রাজনীতি হবে আর মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, সংগঠক জাতীয়তাবাদী ছাত্রদল রাজনীতি করতে পারবে না— এটা হতে পারে না। প্রয়োজনে বিএনপির রাজনীতি ছেড়ে আবার ছাত্রদলে যোগ দেব। আলামত কিন্তু ভালো না।
বিএনপি নেতা জুলফিকার হোসেন জানান, তিনি ওই বক্তব্য দিয়েছেন মেডিকেল কলেজ প্রশাসন ও শিবিরকে চাপ দেওয়ার জন্য। আওয়ামী লীগ আমল থেকেই শিবির মেডিকেলে সক্রিয়। এরা গুপ্তভাবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করে সাধারণ ছাত্রদের ব্যানারে। ২০২৪ সালের পটপরিবর্তনের পর শিবির ভূমিকা রেখে মেডিকেলে ছাত্ররাজনীতি বন্ধ করে রেখেছে। এ কারণে ছাত্রদল মেডিকেল ক্যাম্পাসে ঢুকতে পারছে না। আজকে ড্যাবের অনুষ্ঠানে শিক্ষক-নার্স এলেও শিবির সাধারণ ছাত্রদের আসতে দেয়নি। এ প্রেক্ষাপটে আমি এ বক্তব্য দিয়েছি।
ড্যাব ফরিদপুর মেডিকেল কলেজ শাখার আহ্বায়ক সৈয়দ আসিফ উল আলমের সভাপতিত্বে ও ড্যাবের ফরিদপুর মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ড্যাবের কোষাধ্যক্ষ মেহেদী হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ফারিয়ান ইউসুফ, ড্যাব ফরিদপুর জেলার আহ্বায়ক মুস্তাফিজুর রহমান, সদস্যসচিব তানসিভ জুবায়ের। এছাড়াও কেন্দ্রীয় ড্যাবের সভাপতি প্রফেসর হারুন আল রশিদ অনলাইনে শুভেচ্ছা বক্তব্য দেন। আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।