প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদ বিষয়ে ভোটারদের গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা এবং গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে এবং বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন কীভাবে স্বাধীনভাবে কাজ করবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গণভোটের মাধ্যমে আসবে। এ কারণে ভোটারদের উচিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া।
সোমবার (২ জানুয়ারি) নগরীর হযরত শাহ মখদুম (রহ.) ঈদগাহে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত রাজশাহী বিভাগের ইমামদের সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার, রাজশাহী বিভাগের কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ, পুলিশের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান এবং আরএমপি কমিশনার ড. জিল্লুর রহমান।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু ভিন্নমত থাকলেও গণভোট অনুষ্ঠানের ব্যাপারে কোনো রাজনৈতিক দলের মধ্যেই দ্বিমত নেই। গণভোট নিয়ে সব রাজনৈতিক দল একমত। কারণ এটি জনগণের প্রত্যক্ষ মতামত গ্রহণের একটি ঐতিহাসিক সুযোগ।
পূর্ববর্তী নির্বাচনগুলোর অভিজ্ঞতার কথা উল্লেখ করে অধ্যাপক আলী রীয়াজ বলেন, মানুষ এখন ভোট দিতে চায়, কিন্তু সেই পরিবেশ বারবার বাধাগ্রস্ত হয়েছে। গণভোটের মাধ্যমে জনগণ যদি রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো নিয়ে তাদের মতামত দেয়, তাহলে ভবিষ্যৎ সরকারগুলো জনগণের ইচ্ছা অনুযায়ী পরিচালিত হতে বাধ্য হবে।