ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান বলেছেন, আগামী গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে ‘বিসমিল্লাহ’ ও ‘আল্লাহর নামে শুরু করিলাম’ ব্যাকটি থাকবে না। এ জন্য তাঁরা সবাই গণভোটে ‘না’ ভোট দেবেন। তাঁর এমন মন্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। গত রোববার বিকেলে শহরের মাসদাইর এলাকায় বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আয়োজিত দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।
ভিডিওতে জুয়েল আরমানকে বলতে শোনা যায়, ‘আপনারা খেজুরগাছে ভোট দিলে ধানের শীষ জয়যুক্ত হবে। মুফতি মনির হোসেন কাসেমীর খেজুরগাছ প্রতীক ধানের শীষের বিকল্প। খেজুরগাছে ভোট দিলে ধানের শীষ জয়যুক্ত হবে।’ তিনি আরও বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটের একটি আয়োজন করা হয়েছে। এই গণভোটে আমরা সবাই লক্ষ্য করব, যদি “না” ভোট জয়যুক্ত হয়, তাহলে সংবিধানে বিসমিল্লাহ ও আল্লাহর নাম জয়যুক্ত হবে। আর যদি “হ্যাঁ” ভোট জয়যুক্ত হয়, তবে সংবিধানে “বিসমিল্লাহ” ও “আল্লাহর নামে শুরু করিলাম”—এটি পরাজিত হবে। তাই আমাদের নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটাররা লক্ষ করে শুনবেন, আমরা সবাই “না” ভোট দেব।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের বিএনপির জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসেন কাসেমী। তার উপস্থিতিতেই কৃষক দল নেতা এই মন্তব্য করেন। এ বক্তব্যের বিষয়ে জানতে মনির হোসেন কাসেমীর মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলে তিনিও সাড়া দেননি। বক্তব্যের বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে জুয়েল আরমান বলেন, ‘আমি একটি মিটিংয়ে আছি, পরে কথা বলব।’ এরপর একাধিকবার চেষ্টা করা হলেও তিনি আর কল ধরেননি।