ইতিহাসে প্রথমবারের মতো সেনাবাহিনীর প্রধান হিসেবে একজন নারীকে নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েল আগামী জুলাই মাসে দেশটির সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেবেন। তিনি লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হবেন। বর্তমানে সুসান কোয়েল জয়েন্ট ক্যাপাবিলিটিজ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সুসান কোয়েলকে এমন সময়ে নিয়োগ দেওয়া হয়েছে, যখন অস্ট্রেলিয়ার সামরিক বাহিনী তাদের নারী কর্মকর্তার সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে। একই সঙ্গে বাহিনীর ভেতরে পদ্ধতিগত যৌন হয়রানি ও বৈষম্যের একাধিক অভিযোগও উঠেছে। গত অক্টোবরে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে একটি মামলা করা হয়। সেখানে যৌন নির্যাতন, হয়রানি ও বৈষম্য থেকে হাজারো নারী কর্মকর্তাকে রক্ষা করতে বাহিনী ব্যর্থ হয়েছে বলে অভিযোগ আনা হয়। বর্তমানে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীতে নারীদের অংশগ্রহণ প্রায় ২১ শতাংশ এবং শীর্ষ নেতৃত্বে ১৮ দশমিক ৫ শতাংশ। ২০৩০ সালের মধ্যে এই হার বাড়িয়ে ২৫ শতাংশ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেছেন, আগামী জুলাই থেকে একজন নারী সেনাপ্রধান পাচ্ছে অস্ট্রেলিয়ার সেনাবাহিনী, যা দেশের ১২৫ বছরের ইতিহাসে প্রথম ঘটনা। এদিকে সুসান কোয়েলের এই নিয়োগকে ‘অত্যন্ত ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, সুসানের এই অর্জন বর্তমানে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত নারী এবং ভবিষ্যতে এই বাহিনীতে যোগ দিতে চাওয়া নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে।
—এজেড