যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্মের কাছে ইসরায়েল ক্রমেই তার গ্রহণযোগ্যতা হারাচ্ছে। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, ডেমোক্র্যাট সমর্থকদের পাশাপাশি ইসরায়েলের কট্টর সমর্থক হিসেবে পরিচিত রিপাবলিকান ও রক্ষণশীল ইভানজেলিক্যাল খ্রিষ্টানদের নতুন প্রজন্মও দেশটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। বিশ্লেষকদের মতে, এই ধারা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাজনৈতিক ভিত্তি ধসে পড়তে পারে।
মার্চের শেষের দিকে পরিচালিত এই জরিপে দেখা গেছে, ১৮ থেকে ২৯ বছর বয়সী মার্কিন তরুণদের ৭৫ শতাংশই এখন ইসরায়েলকে নেতিবাচক চোখে দেখেন। এর মধ্যে ডেমোক্র্যাট সমর্থক তরুণদের ৮৫ শতাংশই ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তবে সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে রিপাবলিকান শিবিরে, ডোনাল্ড ট্রাম্পের দলটিকে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু মনে করা হলেও বর্তমানে এই দলের ৬৪ শতাংশ তরুণই ইসরায়েলকে পছন্দ করেন না।
ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে করা বিশ্লেষণেও একই চিত্র উঠে এসেছে। সাধারণত ইহুদিদের বাইরে শ্বেতাঙ্গ ইভানজেলিক্যাল খ্রিষ্টানদের ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়। জরিপ অনুযায়ী, এই গোষ্ঠীর পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদের ৭৭ শতাংশ ইসরায়েলকে সমর্থন দিলেও ৫০ বছরের কম বয়সীদের অর্ধেকই এখন দেশটির বিপক্ষে। একইভাবে ক্যাথলিক, শ্বেতাঙ্গ প্রোটেস্ট্যান্ট এবং কোনো ধর্মের সঙ্গে যুক্ত নন, এমন তরুণদের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশই ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করছেন।
শুধু খ্রিষ্টানরা নন, খোদ মার্কিন ইহুদিদের মধ্যেও ক্ষোভের দানা বাঁধছে। ইসরায়েল সরকারের বর্তমান চরমপন্থী নীতির কারণে সাধারণ ইহুদিরা, বিশেষ করে তরুণেরা ক্রমান্বয়ে হতাশ ও ক্ষুব্ধ হয়ে উঠছেন। এর ফলে দীর্ঘকাল ধরে ইসরায়েলকে সমর্থন দিয়ে আসা মার্কিন ইহুদি সংগঠনগুলো তাদের রাজনৈতিক প্রভাব হারাতে শুরু করেছে। বিশ্লেষকেরা সতর্ক করে বলছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের কোনো তরুণ গোষ্ঠীই ইসরায়েলকে ইতিবাচকভাবে দেখছে না, যা দেশটির দীর্ঘমেয়াদী কূটনীতির জন্য একটি বড় অশনিসংকেত।
এসএফ