সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত জনপ্রিয় টুর্নামেন্ট 'ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস' (ডব্লিউসিএল)-এর তৃতীয় আসরে যুক্ত হচ্ছে বাংলাদেশ। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মতো বড় দলগুলোর সঙ্গে লড়াই করবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স দলটিও।
আয়োজকদের মতে, ২০২৬ সালের আসরে বাংলাদেশের অন্তর্ভুক্তি এই প্রতিযোগিতার আমেজ ও প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়িয়ে দেবে। ডব্লিউসিএল প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হর্ষিত তোমার বলেন, গত দুই বছর ধরে ভক্তদের থেকে যে পরিমাণ অনুরোধ এসেছে, তারই প্রেক্ষিতে এবার বাংলাদেশকে এই আসরে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সুযোগকে দেশের ক্রিকেটের জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন বাংলাদেশ চ্যাম্পিয়ন্স দলের ডিরেক্টর ইউনূস হাসান। তিনি বলেন, এটি দেশ ও বিদেশের ভক্ত-সমর্থকদের জন্য একটি স্মরণীয় মুহূর্ত, যা ক্রিকেট কমিউনিটির মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে ভূমিকা রাখবে।
ইতোমধ্যেই এই দলে খেলার জন্য সম্মতি দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। দলের সহ-স্বত্বাধিকারী ইশতিয়াক সাদেক বলেন, ডব্লিউসিএল-এ বাংলাদেশ চ্যাম্পিয়ন্স দলের অংশ হওয়াটা আমাদের জন্য বড় সম্মানের। এই টুর্নামেন্টকে কিংবদন্তি ক্রিকেটারদের বিশ্বকাপ হিসেবে বিবেচনা করা হয়, যার মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট বিশ্বজুড়ে নতুন উচ্চতায় পৌঁছাবে। আমরা বাংলাদেশের সব কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে একটি শক্তিশালী স্কোয়াড গঠনের আশা করছি।
বিশ্বজুড়ে দর্শকপ্রিয়তার দিক থেকে এই লিগটি এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে। পরিসংখ্যান বলছে, প্রথম আসরে ৩২৫ মিলিয়ন এবং দ্বিতীয় আসরে ৪২৩ মিলিয়নেরও বেশি দর্শক এটি উপভোগ করেছেন। বাংলাদেশের অংশগ্রহণের ফলে এই টুর্নামেন্ট এখন আরও বৈচিত্র্যময় ও আন্তর্জাতিক রূপ নিল, যা ক্রিকেট ভক্তদের জন্য এক দারুণ খবর।