ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩ | ১০ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

২০২৬ বিশ্বকাপ

মাঠের লড়াই শুরুর আগেই চোটের মিছিলে ছিটকে গেলেন একঝাঁক তারকা

মাঠের লড়াই শুরুর আগেই চোটের মিছিলে ছিটকে গেলেন একঝাঁক তারকা

২০২৬ বিশ্বকাপের ডামাডোল বাজার আগেই চোটের কবলে পড়ে অনেক ফুটবল তারকার স্বপ্ন ভঙ্গ হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় এই মহাযজ্ঞের দল ঘোষণার সময়সীমা ১১ মে হলেও, বেশ কিছু বড় নাম এরই মধ্যে মাঠের লড়াই থেকে ছিটকে গেছেন।

ইনজুরির মিছিলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রাজিল। হ্যামস্ট্রিং ও অন্যান্য চোটের কারণে সেলেসাওরা তাদের দুই অভিজ্ঞ তারকা রদ্রিগো এবং এদের মিলিতাওকে দলে পাচ্ছে না। এছাড়া তরুণ প্রতিভা এস্তেভাওয়ের বিশ্বকাপ অভিষেকের অপেক্ষাও চোটের কারণে দীর্ঘায়িত হলো। অন্যদিকে, আর্জেন্টাইন শিবিরে হানা দিয়েছে হাঁটুর গুরুতর ইনজুরি। ফলে তরুণ ভালেন্তিন কার্বোনি ও হোয়াকিন পানিচেল্লিকে ছাড়াই বিশ্বজয়ের অভিযানে নামতে হবে আলবিসেলেস্তেদের।

ইউরোপের দলগুলোর মধ্যেও চোটের আঘাত বেশ প্রকট। এসিএল ইনজুরিতে পড়ে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে স্পেনের উদীয়মান স্ট্রাইকার সামু আগেহাওয়া, জাপানের তাকুমি মিনামিনো এবং নেদারল্যান্ডসের মাঝমাঠের গুরুত্বপূর্ণ সদস্য জাভি সিমন্সের। এছাড়া ফরাসি শিবিরে হুগো একিটিক এবং জার্মানি দলে সার্জ ন্যাব্রি ইনজুরির কারণে দর্শক হয়ে থাকবেন। ঘানাও তাদের অন্যতম সেরা দুই তারকা মোহাম্মদ কুদুস ও মোহাম্মদ সালিসুকে ছাড়াই মাঠে নামতে বাধ্য হচ্ছে। স্বাগতিক যুক্তরাষ্ট্রকেও খেলতে হবে প্যাট্রিক আগেমাংকে ছাড়াই।

তবে এই হতাশার মাঝেও সমর্থকদের জন্য স্বস্তির খবর হলো—কিলিয়ান এমবাপে, লামিন ইয়ামাল ও বুকায়ো সাকার মতো তারকারা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। ১১ জুন বিশ্বকাপের উদ্বোধনী দিনের আগে চোটের এই তালিকা আরও পরিবর্তিত হতে পারে। যারা ছিটকে গেছেন, তাঁদের জন্য এখন চার বছরের দীর্ঘ অপেক্ষা, আর যারা ফেরার লড়াই করছেন, তাঁদের জন্য প্রতিটি মুহূর্ত এখন বড় চ্যালেঞ্জ।

এসএফ