রাশিয়া থেকে পরিশোধিত ডিজেল এবং অন্যান্য পেট্রোলিয়াম জাতীয় পণ্য কিনতে বিশেষ ছাড় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বিশেষ করে বাংলাদেশে আসন্ন চাষাবাদের মৌসুমের কথা মাথায় রেখে এই অনুরোধ জানানো হয়। বিএনপির প্রেস উইং থেকে পাঠানো এ সংক্রান্ত ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এত্যে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দেশটির জ্বালানি বিভাগের সচিব ক্রিস রাইটের সঙ্গে দেখা করে এ অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। সরবরাহ ব্যবস্থার বিঘ্ন ঘটায় বাংলাদেশের জ্বালানি খাতের বর্তমান চ্যালেঞ্জগুলো বৈঠকে তুলে ধরেছেন তিনি।
আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরালো করার আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি ব্যাখ্যা করেন, ইতোপূর্বে সমুদ্রে থাকা রুশ তেলের ওপর যুক্তরাষ্ট্র যে সীমিত বৈশ্বিক ছাড় দিয়েছিল, বাংলাদেশ সেই সুবিধা নিতে পারেনি। কারণ সে সময় কোনো তেলবাহী জাহাজ বাংলাদেশের অভিমুখে ছিল না।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, জরুরি চাহিদা মেটাতে তৃতীয় দেশ থেকে রুশ অপরিশোধিত তেল দিয়ে পরিশোধিত তেল কেনার বিষয়েও যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ উভয় পক্ষ আলোচনা করেছে। বাংলাদেশের জ্বালানি সংকটের বিষয়টি স্বীকার করে এই কঠিন সময়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন জ্বালানি সচিব রাইট।-বিবিসি বাংলা
-এজেড