বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার ৪২ দিনে দেশে কোনো গুম কিংবা ক্রসফায়ারের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে 'মানবাধিকার বিল ২০২৬' উত্থাপনের সময় তিনি এ দাবি করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে মন্ত্রী বলেন, "সরকার চাইলে প্রতিহিংসার রাজনীতি করতে পারত, কিন্তু আমরা মানবাধিকারের পথ ধরে হাঁটছি।"
আইনমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, ১৯৭১ সালের পর জিয়া পরিবারের মতো মানবাধিকার লঙ্ঘনের শিকার বাংলাদেশের ইতিহাসে আর কেউ হয়নি। তিনি বলেন, "আমাদের সামনে যারা বসে আছেন, তারা বিগত ১৭ বছরে অনেকেই মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন এবং এর যন্ত্রণা হাড়ে হাড়ে টের পেয়েছেন।" তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে মানবাধিকার লঙ্ঘনের 'চরমতম শিকার' হিসেবে অভিহিত করেন।
মন্ত্রী আরও বলেন, "চাইল্ডহুড শোজ দ্য ম্যান, মর্নিং শোজ দ্য ডে। গত ৪২ দিনের চিত্রই বলে দিচ্ছে আমরা কোন পথে চলছি।" জিয়া পরিবার ও বিএনপি পরিবারকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের শিকার উল্লেখ করে তিনি দৃঢ়তার সাথে জানান যে, মানবাধিকার রক্ষায় বর্তমান সরকারের কোনো পিছুটান নেই। মূলত এই স্বচ্ছতা বজায় রাখতেই নতুন মানবাধিকার বিল আনা হয়েছে বলে তিনি সংসদকে অবহিত করেন।
এসএফ