বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর প্রয়াত ভাই আরাফাত রহমান কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। বুধবার (০৮ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি উত্থাপন করেন।
মুজিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে দীর্ঘ ৯ মাস বন্দি থেকে জিয়া পরিবার যে অসীম ধৈর্যের পরিচয় দিয়েছে, তা ইতিহাসে বিরল। তিনি উল্লেখ করেন, তৎকালীন সময়ে দেশমাতা বেগম খালেদা জিয়া তাঁর দুই সন্তানসহ বন্দি ছিলেন। অবর্ণনীয় কষ্টের সেই দিনগুলো বিবেচনায় নিয়ে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া এখন সময়ের দাবি। তিনি বেগম খালেদা জিয়াকেও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।
সাংসদ মুজিবুর রহমান আরও বলেন, এটি কোনো রাজনৈতিক চাটুকারিতা নয় বরং ইতিহাসের সত্য। তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে সাধারণ মানুষ উজ্জীবিত উল্লেখ করে তিনি বলেন, একটি বৈষম্যহীন দেশ গড়তে হলে ইতিহাসের প্রতিটি ত্যাগের সঠিক মূল্যায়ন প্রয়োজন। আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করে তিনি বলেন, শৈশবে যুদ্ধবন্দি থাকা থেকে শুরু করে পরবর্তী জীবনে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া পর্যন্ত তাঁর জীবনের প্রতিটি অধ্যায় বেদনাবিধুর। মূলত ইতিহাসের সত্যকে প্রতিষ্ঠিত করতেই তিনি এই প্রস্তাবনা পেশ করেছেন বলে সংসদকে জানান।
এসএফ