ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১২ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

রোববার ফের শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতির মামলার বিচার

রোববার ফের শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতির মামলার বিচার

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের দুর্নীতির মামলার বিচার ফের শুরু হচ্ছে। দেশটির আদালত জানিয়েছে, আগামী রোববার থেকে এই মামলার শুনানি পুনরায় শুরু হবে।

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহারের কয়েক ঘণ্টা পর আদালতের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। আদালতের বিবৃতিতে বলা হয়, জরুরি অবস্থা প্রত্যাহার এবং বিচার বিভাগীয় কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় প্রধানমন্ত্রীর মামলার শুনানি শুরু হচ্ছে। এখন থেকে প্রতি সপ্তাহের রোববার থেকে বুধবার পর্যন্ত এই মামলার শুনানি চলবে।

নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে প্রথম কোনো দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী, যার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে। ২০১৯ সালে কয়েক বছরের তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়। যদিও শুরু থেকেই তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

২০২০ সালে শুরু হওয়া এই বিচারে তাঁর কারাদণ্ড হওয়ার সম্ভাবনা থাকলেও দাপ্তরিক ব্যস্ততার কারণে বিচার কার্যক্রম বারবার পিছিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে এই বিচার কার্যক্রম কবে নাগাদ শেষ হবে, তার কোনো নির্দিষ্ট সময়সীমা এখনও জানা যায়নি।

এসএফ