ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

হরমুজ প্রণালীতে সামরিক অভিযান চালানো অবাস্তব: ম্যাক্রোঁ

হরমুজ প্রণালীতে সামরিক অভিযান চালানো অবাস্তব: ম্যাক্রোঁ

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালী জোর করে খোলার জন্য সামরিক অভিযান চালানো অবাস্তব বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। মধ্যপ্রাচ্যে যুদ্ধে বন্ধে ডোনাল্ড ট্রাম্পের পরস্পরবিরোধী বক্তব্যে হতাশা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দক্ষিণ কোরিয়া সফরকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে মার্কিন মিত্রদের এটি পুনরায় স্বাভাবিক করতে সামরিক অভিযানের আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর হরমুজ প্রণালী দিয়ে চলাচল সীমিত করেছে ইরান। তবে আন্তর্জাতিক এই রুটে জ্বালাতি তেলসহ নির্বিঘ্নে পণ্য আনা নেওয়া করতে সামরিক অভিযানের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।

ম্যাক্রোঁ বলেন, কিছু লোক সামরিক অভিযানের মাধ্যমে বলপূর্বক হরমুজ প্রণালী মুক্ত করার ধারণাকে সমর্থন করে, যা যুক্তরাষ্ট্রও মাঝে মাঝে প্রকাশ করে থাকে, যদিও এর অবস্থানে ভিন্নতা দেখা গেছে। এটি এমন একটি বিকল্প যা আমরা কখনোই সমর্থন করিনি, কারণ এটি অবাস্তব। এতে অনন্তকাল লেগে যাবে এবং যারা এই প্রণালী দিয়ে যাতায়াত করবে, তারা বিপ্লবের রক্ষকদের পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝুঁকির মুখে পড়বে।

সংঘাত শেষ হওয়ার পর হরমুজের মধ্য দিয়ে অবাধ যাতায়াত নিশ্চিত করতে একটি জোট গঠনের জন্য ইউরোপীয় ও অন্যান্য মিত্রদের সঙ্গে কাজ করবেন বলে আশাবাদ করে ম্যাক্রোঁ বলেন, আমরা শুরু থেকেই বলে আসছি যে এই প্রণালীটি অবশ্যই পুনরায় খুলে দিতে হবে, কারণ এটি জ্বালানি প্রবাহ সার এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু এটি কেবল ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমেই করা সম্ভব।

ন্যাটো মিত্রদের নিয়ে ট্রাম্পের সমালোচনা এবং জোট থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার হুমকির বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের সঙ্গে আমেরিকানরা নিজেদের উদ্যোগে যে অভিযানের সিদ্ধান্ত নিয়েছে, আমি সে বিষয়ে কোনো চলমান বক্তব্য দিতে চাই না। তারা সাহায্য না পাওয়ার জন্য আক্ষেপ করতে পারে, কিন্তু সেটা আমাদের অভিযান নয়। আমরা যত দ্রুত সম্ভব শান্তি চাই।

—এজেড