ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

আজ রাতে একটি গোটা সভ্যতার মৃত্যু হবে: ট্রাম্প

 আজ রাতে একটি গোটা সভ্যতার মৃত্যু হবে:  ট্রাম্প

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালী খুলে দেওয়ার সময়সীমা শেষ হওয়ার মুখে ইরানকে ধ্বংসাত্মক সামরিক হামলার চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি অত্যন্ত কড়া ভাষায় এই সতর্কবার্তা দেন। ট্রাম্প লিখেছেন, “আজ রাতে একটি গোটা সভ্যতার মৃত্যু হবে, যা আর কখনও ফিরিয়ে আনা যাবে না।”

প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর পোস্টে উল্লেখ করেন যে, তিনি এমন ধ্বংসাত্মক পরিস্থিতি চান না, তবে ইরানের অনড় অবস্থানের কারণে তা ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে। তিনি বর্তমান পরিস্থিতিকে বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে অভিহিত করে বলেন, “এখন যেহেতু আমরা একটি সম্পূর্ণ শাসনব্যবস্থার পরিবর্তন দেখছি, যেখানে ভিন্ন ও বুদ্ধিমান মানুষেরা প্রাধান্য পাচ্ছে, হয়তো বৈপ্লবিকভাবে চমৎকার কিছু ঘটতে পারে। আমরা আজ রাতেই তা জানতে পারব।” ট্রাম্প আরও দাবি করেন, এর মাধ্যমে ইরানের ৪৭ বছরের তথাকথিত চাঁদাবাজি, দুর্নীতি ও মৃত্যুর অবসান ঘটবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল যুদ্ধের জেরে হরমুজ প্রণালী কার্যত বন্ধ রয়েছে। ট্রাম্প এর আগে কয়েক দফায় সময়সীমা বাড়ালেও এবার মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টার (ইউএস ইস্টার্ন টাইম) চূড়ান্ত ডেডলাইন দিয়েছেন। এই সময়ের মধ্যে প্রণালীটি উন্মুক্ত না করলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ভয়াবহ হামলার হুমকি দিয়ে তিনি একে ‘পাওয়ার প্ল্যান্ট ডে’ এবং ‘ব্রিজ ডে’ হিসেবে অভিহিত করেছেন। এদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যেকোনো ধরনের হামলার ‘বিধ্বংসী’ জবাব দিতে প্রস্তুত। আল-জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই উত্তেজনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধির আশঙ্কা করছে।

এসএফ