জাপানের পশ্চিম উপকূল এবং কোরীয় উপদ্বীপের মধ্যবর্তী পূর্ব সাগরে দুই দফা ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। বুধবার (০৮ এপ্রিল) দিনের শুরুতে দেশটির ওনসান এলাকা থেকে এই মিসাইলগুলো ছোড়া হয় বলে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী ও জাপানের প্রধানমন্ত্রীর দপ্তর।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে, ওনসান থেকে ছোড়া প্রথম দফার মিসাইলগুলো প্রায় ২৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পূর্ব সাগরে পতিত হয়েছে।
এই ঘটনার পর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি কর্মকর্তাদের সর্বোচ্চ তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন এবং সাগরে থাকা নৌযান ও বিমানের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছেন।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ডের জবাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ ব্যবস্থা নিতে প্রস্তুত।
উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়ার ভেতরে ড্রোন ওড়ানোর পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনার জেরে এই মিসাইল উৎক্ষেপণের ঘটনা ঘটল। এর আগের দিনও পিয়ংইয়ং থেকে একটি অজ্ঞাত বস্তু ছোড়া হয়েছিল, যা উৎক্ষেপণের পরপরই ব্যর্থ হয়ে মাটিতে আছড়ে পড়ে।
এসএফ