মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে জরুরি ও কার্যকর পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউনূস সেন্টার। বুধবার (০৮ এপ্রিল) ইউনূস সেন্টারের চেয়ারম্যান ও বাংলাদেশের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, চলমান এই সংঘাত বিশ্বকে গভীর অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে এবং এটি এখন আর কোনো আঞ্চলিক সংকট নয় বরং সমগ্র মানবজাতির জন্য একটি নৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে।
ড. ইউনূস উল্লেখ করেন যে, এই যুদ্ধে শিশু ও বেসামরিক নাগরিকরা প্রাণ হারাচ্ছে এবং শিক্ষা-স্বাস্থ্য অবকাঠামো ধ্বংস হচ্ছে যার সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে। এই সংকট নিরসনে সামরিক উত্তেজনার পরিবর্তে কূটনৈতিক সংলাপকে অগ্রাধিকার দেওয়া এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, এটি কেবল ভূরাজনীতি নয় বরং মানব সভ্যতার ভবিষ্যতের প্রশ্ন, তাই বৈশ্বিক নেতাদের এখনই সাহস ও সহমর্মিতা নিয়ে শান্তি ও ঐক্যের পক্ষে দাঁড়াতে হবে। যুদ্ধের বদলে সংলাপকে বেছে নিয়ে পৃথিবীকে বাঁচাতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি বিশ্বনেতাদের প্রতি জোর দাবি জানান।
এসএফ