জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত। বুধবার (০৮ এপ্রিল) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের আনুষ্ঠানিক বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেপ্তার করায় ভারত সরকারকে ধন্যবাদ জানান ড. খলিলুর রহমান। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে দ্রুতই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে উভয় পক্ষ একমত হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধও পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ পক্ষ।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি এবং পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করার ইঙ্গিত দেন।
এদিকে ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ পুরীর সঙ্গে বৈঠকে বাংলাদেশে ডিজেল ও সারের সরবরাহ বাড়ানোর অনুরোধ জানান খলিলুর রহমান, যা ভারত সরকার অনুকূলভাবে বিবেচনার আশ্বাস দিয়েছে। তিন দিনের সফর শেষে আগামীকাল ৯ এপ্রিল মরিশাসের উদ্দেশে দিল্লি ত্যাগ করবেন পররাষ্ট্রমন্ত্রী।
এসএফ