ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১২ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

ইরানের হাতে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প

ইরানের হাতে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প

ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের সঙ্গে একটি ভালো চুক্তির ৯৯ শতাংশ শর্তই হলো দেশটিকে পারমাণবিক অস্ত্র মুক্ত রাখা। পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে প্রস্তাবিত শান্তি আলোচনার আগে গত শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চল উন্মুক্ত করবে এবং অন্যান্য দেশগুলোও এতে সাহায্য করতে প্রস্তুত রয়েছে। যদিও ওয়াশিংটন কীভাবে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রতিবন্ধকতা দূর করবে সে বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা তিনি দেননি, তবে তিনি স্পষ্ট করেছেন যে হরমুজ প্রণালীতে ইরানের আরোপিত কোনো টোল বুথ ব্যবস্থা তিনি মেনে নেবেন না।

তেহরান এর আগে ইঙ্গিত দিয়েছিল যে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি হলেও তারা জাহাজের নিরাপদ চলাচলের জন্য ফি বা শুল্ক আদায় করবে। মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তারা যদি এমনটি করে থাকে, তবে আমরা তা হতে দেব না।

প্রেসিডেন্ট ট্রাম্প জানান, যেকোনো চুক্তির ক্ষেত্রে ইরান যাতে পারমাণবিক অস্ত্রের অধিকারী না হতে পারে তা নিশ্চিত করাই হবে প্রধান অগ্রাধিকার। এটি নিশ্চিত হলে প্রণালীটি স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। তিনি আরও যোগ করেন, কোনো পারমাণবিক অস্ত্র নয়—এটাই হচ্ছে মূল বিষয়ের ৯৯ শতাংশ। প্রণালীটি খুলে যাবে। আমরা যদি কেবল চলে আসি...নতুবা তারা কোনো অর্থ উপার্জন করতে পারবে না।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষিত হওয়া সত্ত্বেও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে আছে। এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্স-এর তথ্য অনুযায়ী, গত শুক্রবার মাত্র দুটি জাহাজ এই প্রণালী অতিক্রম করেছে। লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের তথ্যমতে, ৩২৫টি ট্যাঙ্কারসহ ৬০০-এর বেশি জাহাজ এখনও পারস্য উপসাগরে আটকা পড়ে আছে।

যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে আজ শনিবার ইসলামাবাদে আলোচনার নেতৃত্ব দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যদিও আলোচনার শর্তাবলী এবং তেহরানের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনা নিয়ে উভয় দেশ এখন পর্যন্ত পরস্পরবিরোধী বার্তা দিয়ে আসছে।

এসএফ