ভারতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে কড়া প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেখ হাসিনা ভারতে 'অনুপ্রবেশকারী' হিসেবে আছেন নাকি 'শরনার্থী' হিসেবে নরেন্দ্র মোদি সরকারের কাছে সেই স্পষ্টীকরণ দাবি করেছেন তিনি।
শুক্রবার এক রাজনৈতিক কর্মসূচিতে দেওয়া বক্তব্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, যদি সত্যিই পশ্চিমবঙ্গ বাংলাদেশ দ্বারা পরিচালিত হয়, তাহলে দিল্লিতে শেখ হাসিনা কী করছেন? কেন তাঁকে দেড় বছরের বেশি সময় ধরে আশ্রয় দিয়ে রেখেছে নরেন্দ্র মোদি সরকার?
অনুপ্রবেশ ইস্যুতে বিজেপির দ্বিমুখী অবস্থানের সমালোচনা করে তৃণমূলের এই নেতা প্রশ্ন তোলেন, কেন একজন বিদেশি নাগরিককে এত দীর্ঘ সময় বিশেষ সুবিধায় রাখা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে অমিত শাহ মন্তব্য করেছিলেন যে, পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে পরিচালিত হওয়ার বদলে দিল্লি বা গুজরাট থেকে পরিচালিত হওয়া ভালো। শাহের সেই মন্তব্যের প্রেক্ষিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ ইস্যু টেনে কেন্দ্রীয় সরকারের এই অবস্থানের তীব্র বিরোধিতা করেন।
এসএফ