ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় গুরুতর আহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। খামেনির ঘনিষ্ঠ মহলের তিন ব্যক্তির বরাতে প্রতিবেদনে জানানো হয়, হামলায় ৫৬ বছর বয়সী এই নেতার মুখমণ্ডল বিকৃত হয়েছে এবং তিনি একটি বা উভয় পা-ই হারিয়েছেন।
বর্তমানে তিনি চিকিৎসাধীন থাকলেও মানসিকভাবে বেশ তীক্ষ্ণ আছেন বলে সূত্রগুলো দাবি করেছে। এমনকি অডিও কনফারেন্সের মাধ্যমে তিনি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক এবং ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত থাকছেন। তবে রয়টার্স এই তথ্যের নিরপেক্ষতা যাচাই করতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও মার্কিন বাহিনীর অতর্কিত হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ কর্মকর্তারা নিহত হন। মোজতবা খামেনি সেই হামলায় অল্পের জন্য বেঁচে গেলেও গুরুতর আহত হন বলে ধারণা করা হচ্ছে।
বাবার মৃত্যুর পর গত ৮ মার্চ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন মোজতবা। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তাকে প্রকাশ্যে দেখা যায়নি; এমনকি কোনো অডিও বা ভিডিও বার্তা প্রকাশ করা হয়নি।
গত ১৩ মার্চ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছিলেন যে, মোজতবা খামেনি আহত হয়েছেন এবং সম্ভবত তিনি পঙ্গু হয়ে গেছেন। মার্কিন গোয়েন্দা সূত্রগুলোর মতে, তিনি একটি পা হারিয়ে থাকতে পারেন।
ইসলামাবাদে আজ শনিবার বিকেলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এমন সময়ে মোজতবা খামেনির শারীরিক অবস্থা এবং তার সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা নিয়ে বিশ্বজুড়ে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছে। তবে এই বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি।
এসএফ