যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনায় অংশ নিলেও ওয়াশিংটনের প্রতি তেহরানের সম্পূর্ণ অবিশ্বাস রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুলের সঙ্গে এক ফোনালাপে তিনি এই অবস্থান ব্যক্ত করেন। মেহর নিউজ এজেন্সির বরাতে আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
আরাঘচি বলেন, অতীতে যুক্তরাষ্ট্র বারবার প্রতিশ্রুতি ভঙ্গ ও কূটনীতিতে বিশ্বাসঘাতকতা করায় ইরান এমন কঠোর অবস্থান নিয়েছে। তিনি স্পষ্ট করে জানান, ইরান নিজেদের জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় পূর্ণ ক্ষমতা নিয়ে লড়াই চালিয়ে যাবে।
একই সুরে কথা বলেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও ইসলামাবাদে ইরানি প্রতিনিধিদলের প্রধান মোহাম্মদ বাকের গালিবাফ। শুক্রবার রাতে ইসলামাবাদ পৌঁছে এক বিবৃতিতে তিনি বলেন, আমাদের সদিচ্ছা আছে, কিন্তু আমেরিকানদের ওপর আমাদের কোনো বিশ্বাস নেই।
গালিবাফ অভিযোগ করেন, এক বছরের কম সময়ের মধ্যে আলোচনার মাঝপথে যুক্তরাষ্ট্র দুইবার ইরানের ওপর হামলা চালিয়েছে এবং অসংখ্য যুদ্ধাপরাধ করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আমেরিকান পক্ষ একটি প্রকৃত চুক্তির জন্য প্রস্তুত থাকে এবং ইরানি জাতির অধিকার মেনে নেয়, তবেই ইরানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাবে।
এসএফ