ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

ইরানে হামলার জন্য বুশ-ওবামা-বাইডেনকেও চাপ দিয়েছিলো ইসরায়েল, ফাঁদে পড়লেন শুধু ট্রাম্প

ইরানে হামলার জন্য বুশ-ওবামা-বাইডেনকেও চাপ দিয়েছিলো ইসরায়েল, ফাঁদে পড়লেন শুধু ট্রাম্প

ইরানে সামরিক হামলা চালাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রশাসনের ওপর ইসরায়েল দীর্ঘ সময় ধরে চাপ প্রয়োগ করে আসছিল বলে দাবি করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তবে জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা এবং জো বাইডেন এই প্রস্তাবে রাজি না হলেও শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প এতে সম্মতি দেন বলে তিনি উল্লেখ করেন।

শুক্রবার ‘দ্য ব্রিফিং উইথ জেন পসাকি’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে জন কেরি জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একাধিকবার যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার আহ্বান জানিয়েছিলেন। তিনি নিজেও এমন বেশ কয়েকটি আলোচনায় উপস্থিত ছিলেন যেখানে নেতানিয়াহু সরাসরি এই প্রস্তাব দেন। কেরির ভাষায়, নেতানিয়াহু আমাদের দিয়ে ইরানে হামলা করাতে চেয়েছিলেন।

কেরি আরও জানান, নেতানিয়াহু একটি চার দফা পরিকল্পনা তুলে ধরেছিলেন, যার উদ্দেশ্য ছিল হামলার মাধ্যমে ইরানের নেতৃত্ব দুর্বল করা, সরকার পরিবর্তনের সুযোগ তৈরি এবং সামরিক সক্ষমতা ধ্বংস করা। ওবামা, বাইডেন বা বুশ প্রশাসনের কেউ এতে সায় না দিলেও একমাত্র প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প এই পথে হাঁটেন।

আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে এক বড় ধরনের অভিযান চালায়। ওই হামলায় ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিসহ একাধিক শীর্ষ নেতা নিহত হন।

এর জবাবে ইরান ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একইসঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করে দেয় তেহরান। দীর্ঘ ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর পাকিস্তান, তুরস্ক, চীন, সৌদি আরব ও মিসরের মধ্যস্থতায় গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এসএফ