নিরাপত্তাজনিত কারণে কৃষক কার্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না করার পরামর্শ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর। তিনি বলেছেন, কৃষক কার্ড একটি গুরুত্বপূর্ণ সেবা, যা কৃষকদের সরকারি সহায়তা প্রাপ্তি সহজ করবে। তাই এ কার্ডের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোনো অবস্থাতেই কার্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ফেইসবুকে আপলোড করা যাবে না। এ বিষয়ে কৃষকদের সচেতন করতে হবে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) নেছারাবাদ উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে আনুষ্ঠানিকভাবে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ১৫ জন কৃষক ও কৃষানীর হাতে কৃষক কার্ড তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। এর আগে, দুপুরে টাঙ্গাইল থেকে এই কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে ও নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষকদের মাঝে গাছের চারাও বিতরণ করা হয়।
গৃহায়ন প্রতিমন্ত্রী বলেন, এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের একটি সুশৃঙ্খল ডাটাবেজ তৈরি হবে, যা ভবিষ্যতে ভর্তুকি, প্রণোদনা ও অন্যান্য সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকল সংশ্লিষ্ট দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই কৃষকরা সেবা পান। আধুনিক প্রযুক্তিনির্ভর, জলবায়ুসহিষ্ণু, টেকসই কৃষিব্যবস্থা প্রবর্তন ও কৃষকদের আর্থ সামাজিক মর্যাদা এবং জীবনমান উন্নয়নের জন্য সরকার কৃষক কার্ড চালু করেছে।
—এজেড