ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | ২ বৈশাখ ১৪৩৩ | ২৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

প্রবাসীকল্যাণমন্ত্রী

এই সুযোগে যদি মানুষ বিদেশে যেতে না পারে, আমার আক্ষেপ থাকবে

এই সুযোগে যদি মানুষ বিদেশে যেতে না পারে, আমার আক্ষেপ থাকবে

বিদেশে কৃষিশ্রমিকের বেশ চাহিদা রয়েছে জানিয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, এই সুযোগে যদি এ এলাকার মানুষ বিদেশে যেতে না পারে, আমি যদি এই মন্ত্রণালয়ের মন্ত্রী থাকি—আমার আক্ষেপ থাকবে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের জুড়ীর উপজেলার ফুলতলা ইউনিয়নের বশির উল্লাহ উচ্চবিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে জুড়ীসহ দেশের ১১টি উপজেলায় ভার্চ্যুয়ালি কৃষক কার্ড বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলার ফুলতলা ব্লকের কয়েকজন কিষান–কিষানির হাতে কৃষক কার্ড ও একটি করে গাছের চারা তুলে দেন। দুপুর ১২টার দিকে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক মো. মোশাররফ হোসেন।

তবে শুধু এমনি এমনি বিদেশে পাঠানো যাবে না উল্লেখ করে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, এখানে (জুড়ী) একটি প্রশিক্ষণ কেন্দ্র খোলার ব্যবস্থা নিতে বলেছি। এ ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরও সহযোগিতা লাগবে। একই সঙ্গে প্রশিক্ষণ কেন্দ্রে ভাষা শিক্ষা কোর্স চালু করতে হবে। মধ্যপ্রাচ্যে আরবি, জাপানে জাপানিজ, ইউরোপে গেলে ইংরেজি ভাষা জানতে হবে। ভাষায় খুব পারদর্শী না হলেও ন্যূনতম মান বজায় রাখতে হবে। আর এ যোগ্যতা থাকলে আমাদের সামনে সুবর্ণ সুযোগ রয়েছে।

বক্তব্যের শেষ পর্যায়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সরকারের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন আটকে পড়া ও দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের দেশে আনা হচ্ছে। আর যেসব আদম ব্যবসায়ী অবৈধ পন্থায় বিদেশে মানুষ পাঠান, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিষয়ে অনুসন্ধান করতে বলা হয়েছে। অবৈধ ও ঝুঁকিপূর্ণ পন্থায় বিদেশে যাওয়ার বিষয়ে মানুষকেও সচেতন থাকতে হবে।

—এজেড