খুলনার দৌলতপুরে বাসের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন মোটরসাইকেলের আরোহী এক দম্পতি। গতকাল (১৫ এপ্রিল) মঙ্গলবার রাতে জেলার দৌলতপুরের রেলিগেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বটিয়াঘাটা উপজেলার ভাদগাতি এলাকার তানভীর হাসান শেখ (৩১) ও তাঁর স্ত্রী লামিয়া বেগম (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে ফুলতলা থেকে রয়েল পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। রাত আটটার দিকে বাসটি রেলিগেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তানভীর ও তার স্ত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পরপরই বাসটি রেখে চালক পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। তাকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
—এজেড