ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩ | ১০ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

বাসের ধাক্কায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

বাসের ধাক্কায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই বৌদ্ধ ভিক্ষুসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কবির টিম্বার ব্রিকফিল্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ইন্দাসারা ভিক্ষু (৪৮) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বাসিন্দা। নিহত বাকি দুইজনের মধ্যে একজন চালক এবং অন্যজনও একজন বৌদ্ধ ভিক্ষু বলে জানা গেছে, তবে তাঁদের পূর্ণাঙ্গ পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এই ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে পাঁচজন বৌদ্ধ ভিক্ষু মাইক্রোবাসযোগে খাগড়াছড়ি ফিরছিলেন। পথে চট্টগ্রামমুখী মাইক্রোবাসটিকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস ধাক্কা দিলে সেটি রাস্তা থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার ফিরোজ খান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এসএফ