ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত যুবক আকাশ মোল্লাকে (২৮) গ্রেফতার করেছে র্যাব ও পুলিশের একটি যৌথ দল। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে তাঁর বাড়ির পাশের একটি কলাবাগান থেকে তাঁকে আটক করা হয়।
গত সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে গদাধরডাঙ্গী গ্রামের আজগর মোল্লার বাড়ির উঠানে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, আকাশ হঠাৎ একটি কোদাল নিয়ে আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) এবং প্রতিবেশী কাবুল (৪৫) নিহত হন। এ ঘটনায় রিয়াজ মোল্লা (৪৫) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে বর্তমানে কোতোয়ালি থানায় রাখা হয়েছে। র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার গাজী মো. লুৎফর রহমান জানিয়েছেন, আটকের সময় আকাশের কথাবার্তা অসংলগ্ন থাকায় তাঁর মানসিক অবস্থার বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদালটি উদ্ধার করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মানসিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।
এসএফ